ঢাকা: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংগঠন হিসেবে আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৭ জুলাই) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দলগতভাবে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে। ব্যক্তিগত দায় আছে, সুপিরিয়র রেসপনসিবিলিটি আছে; সব বিষয় নিয়েই তদন্ত চলছে। আমাদের তদন্ত সংস্থা কাজ করছে। প্রাথমিক সংশ্লিষ্টতা তো আছেই, তদন্ত শেষ হওয়া তো সময়ের ব্যাপার।

তিনি জানান ,দলের সভানেত্রী শেখ হাসিনার সুপুরিয়র রেসপন্সিবিলিটি দেখা হচ্ছে। তদন্তে দল হিসেবে আওয়ামী লীগ জুলাই ছাড়াও আর কি কি সন্ত্রাসী কার্যক্রম করেছে সামগ্রিকভাবে তাও দেখা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে তদন্ত হচ্ছে। পুরো তদন্ত শেষে যদি প্রমাণসহ রিপোর্ট পাওয়া যায় সে অনুযায়ী বিচার প্রক্রিয়া চলবে।
এর আগে গত রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মো. আমিনুল ইসলাম। সেদিন তিনি বলেন, আওয়ামী লীগকে সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে বিচারের লক্ষ্যে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে দলটিকে নিষিদ্ধ ঘোষণা ও সম্পত্তি বাজেয়াপ্তের আইনি সুযোগ রয়েছে।
গত ৪ জুলাই রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন, নিপাত ও নির্মূল হয়েছে এবং দলটি আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে বিচারের দাবি উঠেছে, তদন্ত চলছে এবং শিগগির আইন অনুযায়ী তাদের বিচারের মুখোমুখি করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের পরদিন সাংবাদিকদের সামনে তদন্তের অগ্রগতি এবং বিদ্যমান আইনি কাঠামোর বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর।
আরপি/এনডি/এএস



