ঢাকা: রাজধানীর বংশাল থানাধীন আলুবাজার এলাকার ‘আরমান’ নামে একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এসি বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
আহতরা হলেন সেলুনে চুল কাটতে আসা মো. ফারুক (৩৫), মো. রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), মো. রফিক (২৫) এবং সেলুনের কর্মচারী শমসেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), আরমান (৩৭) ও শাকিব (১৭)।
পরে রাত দেড়টার দিকে বিস্ফোরণে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে শমসেদের শরীরের ১৫ শতাংশ, ফারুকের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ এবং শাকিবের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, দগ্ধদের মধ্যে ৯ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শাকিবের দগ্ধের পরিমাণ মাত্র ১ শতাংশ হওয়ায় তাকে ভর্তি না করে জরুরি বিভাগের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওএনবি/পিএস/এএস



