চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় হঠাৎ আগুন লেগে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। আগুনে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।
দগ্ধরা হলেন- চট্টগ্রামের বোয়ালখালী থানার রুহুল আমিনের ছেলে দিদারুল আলম (৩২), রাঙ্গুনিয়া থানার বিরাজ মোহন দাশের ছেলে উজ্জ্বল দাশ (৫৩), সদরঘাট থানার আবুল কালামের ছেলে মোহাম্মদ লিটন (২৮), লোহাগড়া থানার ছালে আহমদের ছেলে সিরাজুল ইসলাম (৩৪), রাউজান থানার মৃত আমিনুল হকের ছেলে জাহিদুল আলম (৪২), বোয়ালখালী থানার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), বোয়ালখালী থানার নূর চ্চাপার ছেলে নূর নবী (২৫), পটিয়া থানার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আলম (৪৫), পটিয়া থানার খায়ের আহমদের ছেলে মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশ থানার আলতাজ মিয়ার ছেলে সেলিম উদ্দিন (৩০)।

স্থানীয় সুত্রে জানা গেছে, শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বেলা ১১টার দিকে দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, দগ্ধদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজনের অবস্থা তুলনামূলক ভালো। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হতে পারে।
আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
ওএনবি/চৌধুরী রেদোয়ান/এএস



