ঢাকা: মিয়ানমার বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা শরণার্থী ফিরিয়ে নিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বুধবার (২৯ জুলাই) তিনি বলেন, দ্বিপাক্ষিক আলোচনার পরে মিয়ানমার বর্তমানে মালয়েশিয়ায় বসবাসকারী ৫ রোহিঙ্গা শরণার্থীর একটি প্রাথমিক দলকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে।
মালয়েশিয়ার সঙ্গে মিয়ানমারের এই চুক্তিটিকে দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধান এবং মালয়েশিয়ায় জনশৃঙ্খলা বজায় রাখার একটি প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, মিয়ানমার বর্তমানে বাংলাদেশে বসবাসকারী প্রায় ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকেও ফেরত নিতে সম্মত হয়েছে।
তবে কবে নাগাদ মিয়ানমার তাদের এসব রোহিঙ্গা নাগরিকদের ফেরত নেবে তার কোনো সময়সীমা জানাননি আনোয়ার ইব্রাহিম।
আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেন, আঞ্চলিক এই শরণার্থী সংকটের টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য মালয়েশিয়া মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখবে।
মিয়ানমারের সামরিক বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে জাতিগত নিধনের শিকার হয়ে ২০১৭ সালে লাখ লাখ রোহিঙ্গা তাদের মাতৃভূমি ছেড়ে পালায়।
প্রায় ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং অনেকে বিপজ্জনক সমুদ্র যাত্রা শেষে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছে।
উল্লেখ্য, মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় পেনাং রাজ্যের একটি বসতি ছেড়ে আসা ১০০ জনের বেশি রোহিঙ্গা সম্প্রতি কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হন।
এরপরই মালয়েশীয় কর্তৃপক্ষ তাদের কুয়ালালামপুর, সেলানগর ও পেনাংয়ের বিভিন্ন অস্থায়ী স্থানে সরিয়ে নেয় এবং নতুন এই প্রত্যাবাসন আলোচনার বিষয়টি সামনে আসে।
সূত্র: আনাদুলু এজেন্সি
জেএফজে



