চুয়াডাঙ্গা: লাইসেন্সের যথাযথ অনুমোদন ছাড়া এবং মিথ্যা তথ্য দিয়ে টয়লেট্রিজ সামগ্রী উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে চুয়াডাঙ্গায় হেনা কনজুমার প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩ আগস্ট) দুপুরে জেলার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পিয়ারাতলা এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযান শেষে তিনি জানান, টয়লেট্রিজ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান হেনা কনজুমার প্রোডাক্টস-এ অভিযান চালিয়ে দেখা যায়, যথাযথ লাইসেন্স ছাড়াই এবং মিথ্যা তথ্য প্রদান করে হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট ও টায়ার জেলসহ বিভিন্ন ধরনের টয়লেট্রিজ সামগ্রী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে।
তিনি বলেন, এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে মাসুদ রানার প্রতিষ্ঠান হেনা কনজুমার প্রডাক্টসকে এক লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।
সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং র্যাব-১২, মেহেরপুর ক্যাম্পের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এইচএম/এএস



