ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন আমাদের সরকারের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, পেছনে যেতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই। সবাইকে নিয়ে সামনে যেতে চাই।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ। অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে।

তারেক রহমান বলেন, যার যা কাজ সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে। সামনে এগিয়ে যেতে হলে সবাইকে একত্রে কাজ করতে হবে।
একজন রাজস্ব কর্মকর্তার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশ একটি পরিবারের মতো। সেখানে রাজস্ব বিভাগ অন্যতম প্রধান ভূমিকা পালন করে।
তিনি বলেন, যেটি অতীতে হয়ে গেছে, সেটা হয়ে গেছে। আমরা সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আপনারা সরকারের কাছে যা চাইছেন, সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজ করার সুযোগ দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা সৎ, দক্ষ, তাদের আমরা আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।
জেপি/এএস



