শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ধীরে ধীরে ছন্দে ফিরছেন ইয়ামাল

ধীরে ধীরে ছন্দে ফিরছেন ইয়ামাল

ঢাকা: নতুন মৌসুমের শুরুটা প্রত্যাশামতো হয়নি লামিন ইয়ামালের। তবে ধীরে ধীরে ছন্দে ফিরছেন বার্সেলোনার এই তরুণ তারকা। রায়ো ভায়েকানোর বিপক্ষে লা লিগার ম্যাচের আগে এমনটাই জানিয়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক।

তার দাবি, অনুশীলনেও ইয়ামালের কিছু মুহূর্তে পুরোনো সেই ঝলক দেখা যাচ্ছে। ইয়ামাল আবারও নিজের ‘সেরা পর্যায়ের’ পারফরম্যান্সের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন।

গত বৃহস্পতিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। ম্যাচে গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে তার পারফরম্যান্সে উন্নতি দেখেছেন ফ্লিক।

রোববার সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ইয়ামালকে নিয়ে সমর্থকদের উদ্বিগ্ন হওয়ার কারণ তিনি বুঝতে পারছেন। তবে দীর্ঘ চোট কাটিয়ে ফেরার পর স্প্যানিশ তারকার সময় প্রয়োজন বলেও মনে করেন বার্সা কোচ।

এপ্রিলে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন ইয়ামাল। সেই চোট কাটিয়ে বিশ্বকাপেও খেলেন। স্পেন বিশ্বকাপ জিতলেও ব্যক্তিগতভাবে খুব বেশি প্রভাব ফেলতে পারেননি ইয়ামাল। এরপর ছুটি কাটিয়ে বার্সেলোনায় ফেরেন তিনি।

ফ্লিক বলেন, ছুটি থেকে ফেরার পর মৌসুমের প্রথম ম্যাচটি ইয়ামালের জন্য সেরা ছিল না। তবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে তাকে পুরো ম্যাচ খেলানোতেই খুশি কোচ।

ফ্লিকের ভাষায়, দলের হয়ে ইয়ামালের পরিশ্রম তাকে সন্তুষ্ট করেছে। বিশেষ করে বিলবাওয়ের বিপক্ষে ৯০ মিনিট মাঠে থাকা এই তরুণের জন্য গুরুত্বপূর্ণ ছিল।

বার্সা কোচ বলেন, ম্যাচে ইয়ামালের কিছু মুহূর্তে তার সেই ‘সেরা পর্যায়ের’ পারফরম্যান্স দেখা গেছে। অনুশীলনেও তাঁর মধ্যে সেই মানের ঝলক দেখতে পাচ্ছেন ফ্লিক।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন