চুয়াডাঙ্গা: মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার, জনসচেতনতা বৃদ্ধি, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
“পুলিশ ও সাংবাদিক একসাথে, মাদকের বিরুদ্ধে মাঠে, সচেতনতার বার্তা সবার সাথে” প্রতিপাদ্যে জীবননগর স্টেডিয়াম মাঠে বৃহস্পতিবার বিকেলে জীবননগর প্রেসক্লাবের আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় টাইটেল স্পন্সর ছিলো দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
জীবননগর প্রেসক্লাব একাদশ ও জীবননগর থানা পুলিশ একাদশের প্রতি ফুটবল ম্যাচে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান প্রধান অতিথি ছিলেন এবং অংশগ্রহণ করেন।

উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উভয় দলই চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে। নির্ধারিত সময়ের খেলা শেষে জীবননগর প্রেসক্লাব একাদশ ও জীবননগর থানা পুলিশ একাদশ ১-১ গোলে সমতায় থেকে ম্যাচটি শেষ করে।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও সুন্দর সমাজ গঠনে কাজ করতে চাই।”
প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের মাধ্যমে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা সর্বস্তরে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য সাব্বির সামি মুহিত, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিউদ্দিন শফিসহ অনেকেই।
আর



