চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামী সুষম কাওনাইন (৩৭) ও তাঁর স্ত্রী তাহমিদা ইসলাম তন্নি (২৭)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল আনুমানিক সড়ে ৮টার দিকে আলমডাঙ্গা পৌরসভার বাবুপাড়ায় তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুষম কাওনাইন (৩৭) একই এলাকার মৃত ইফতেখারুল কাওনাইন ওরফে হিলু মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪০/৪১ ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামী হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত সুষম কাওনাইনের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য ধারায় আলমডাঙ্গা থানায় আরও পাঁচটা মামলা রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত সুষম কাওনাইনের ব্যবহৃত স্মার্টফোন পর্যালোচনা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ। মাদকমুক্ত সমাজ গঠন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এনডি



