, || ||

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল সাময়িক বরখাস্ত

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল সাময়িক বরখাস্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পাশাপাশি অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গতকাল বুধবার (৪ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল স্বাক্ষরিত জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশ সুত্রে জানা যায়, বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর), পার্ট-১ এর বিধি ৭৩ এর নোট-২ অনুযায়ী, ৩ নভেম্বর থেকে তাকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত আদেশে আরও উল্লেখ করা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা (Subsistence Allowance) প্রাপ্য হবেন।

এর আগে, গত সোমবার (২ নভেম্বর) ওই শিক্ষকের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা তাকে বিদ্যালয়ের ভেতরে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষককে আটকের পর ছাত্রীর বাবার করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলা উদ্দিন বলেন, ‌‘শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয়। অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল বলেন, প্রাথমিক তদন্তে এনামুল হককে অপরাধী বলে মনে করা হয়েছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

এনডি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন