চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দেহাটি বাজারে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত বিএনপি নেতা মশিউর রহমানের (৫০) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় দেহাটি ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মশিউর রহমান জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের প্রয়াত শিক্ষক আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে মশিউর রহমান দেহাটি বাজারের একটি ফার্মেসির সামনে মোটরসাইকেলের ওপর বসে ওষুধ নিচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১-১৯৭৫) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় ও বুকে গুরুতর আঘাত পান।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ওই রাতেই অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেনের তত্ত্বাবধানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় জীবননগর থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে থানা হেফাজতে নিয়েছে।
এদিকে, গতকাল রাত সাড়ে ৮টায় মশিউর রহমানের মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের চাচা ও কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ জানাজা ও দাফন কাজে অংশ নেন।
এনডি



