, || ||

স্বর্ণ যাচ্ছে ভারতে, ওপার থেকে আসছে মাদক

স্বর্ণ যাচ্ছে ভারতে, ওপার থেকে আসছে মাদক

চুয়াডাঙ্গার দামুড়হুদা, দর্শনা ও জীবননগর সীমান্তে স্বর্ণ পাচার ও মাদক প্রবেশের পেছনে কি দীর্ঘদিনের পুরোনো সিন্ডিকেটই এখনো নিয়ন্ত্রণ ধরে রেখেছে, নাকি তৈরি হয়েছে নতুন কোনো চক্র? বাহক আটক হচ্ছে, কোটি কোটি টাকার স্বর্ণ উদ্ধার হচ্ছে, বিপুল মাদকও জব্দ হচ্ছে। কিন্তু থামছে না অবৈধ কারবার। সীমান্তের এপার থেকে ভারতে যাচ্ছে স্বর্ণ, আর ওপার থেকে আসছে মাদক।

পুরোনো (মাদক) ফেনসিডিল ও গাজার সঙ্গে যুক্ত হয়েছে ইয়াবা, ট্যাপেন্টাডল, বুপ্রেনরফাইন ইনজেকশন এবং বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ। ফলে প্রশ্ন উঠেছে, শুধু পাচারের কৌশল বদলেছে, নাকি একই পুরোনো নেটওয়ার্ক নতুন সদস্য ও নতুন পথে ব্যবসা চালিয়ে যাচ্ছে?

চুয়াডাঙ্গা বিজিবির-৬ এর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ-পশ্চিম রিজিয়নের প্রায় ৬০০ কিলোমিটার সীমান্তে বিভিন্ন অভিযানে ১৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে প্রায় ৫২ কোটি ৯ লাখ টাকার চোরাচালানি পণ্য এবং পৃথক মাদকবিরোধী অভিযানে প্রায় ৩০ কোটি ২৬ লাখ টাকার মাদক জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দের মূল্য প্রায় ৮২ কোটি ৩৫ লাখ টাকা।

উদ্ধার পণ্যের মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, ২ হাজার ৯৪৬ বোতল মদ, ১ হাজার ১৬ বোতল ফেনসিডিল, ৭ কেজি ক্রিস্টাল মেথ, ১৮৯ কেজি গাঁজা, ৬১ হাজার ২৬০ পিস ইয়াবা এবং ৩ লাখ ২ হাজার ২২৮ পিস অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট।

স্থানীয় পর্যায়ে গত কয়েক সপ্তাহের অভিযানেও মিলেছে বিভিন্ন ধরনের মাদক ও স্বর্ণ। ৮ অক্টোবর জীবননগরের গয়েশপুর থেকে ৪৫৩ বোতল উইন কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করে পুলিশ। ১৩ অক্টোবর দর্শনার ঝাঁঝাডাঙ্গা ও নাস্তিপুরে পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

১৭ অক্টোবর দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ৭০০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বারসহ একজনকে আটক করে বিজিবি। জব্দ স্বর্ণের সিজার মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা। ২৩ অক্টোবর জয়রামপুর গাতিরপাড়া থেকে ১৮ কেজি ৫০০ গ্রাম গাজাসহ একজন নারীকে গ্রেপ্তার করে এসআরবি-১২। ২৯ অক্টোবর জীবননগরের নারায়ণপুর মোড় থেকে ৪৬ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৮ নভেম্বর জীবননগরে এক কেজি গাজা উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে আরও ছোট-বড় অভিযান পরিচালিত হয়েছে।

এর আগে ১ আগস্ট দর্শনার পারকেষ্টপুর সীমান্তে ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯টি স্বর্ণের বারসহ একজনকে আটক করে বিজিবি। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ছিল ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা। এসব অভিযান সীমান্তে স্বর্ণ ও মাদক পাচারের ধারাবাহিকতা তুলে ধরছে।

২০০৭ সালে চুয়াডাঙ্গার লোকনাথপুর এলাকায় গরুর গাড়িতে বহন করা ১২ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ আটক করে তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর। স্বর্ণের চালানটি ধরিয়ে দেওয়ার পেছনে দর্শনার সিঅ্যান্ডএফ এজেন্ট সাইফুল ইসলামের হাত রয়েছে বলে চোরাকারবারিরা সন্দেহ করেছিল।

এর কয়েক দিন পর রমজান মাসে মসজিদে অজু করার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছিল জানা গেছে। অর্থাৎ স্বর্ণের চালান আটক হওয়ার তথ্য দেওয়ার সন্দেহ থেকেই হত্যার মতো ঘটনা ঘটার নজির রয়েছে এ অঞ্চলে।

এরপর ২০২১ সালের ২৮ ডিসেম্বর দামুড়হুদার নাস্তিপুর গ্রামে হযরত আলী বিশ্বাস (৫৬) নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার ছেলে তৌফিক হোসেনের অভিযোগ ছিল, তার বাবা বিজিবিকে চোরাচালানের তথ্য দিতেন। সীমান্তের চোরাকারবারিরা তাকে হত্যা করেছে বলে পরিবারের সন্দেহ।

দর্শনা থানার তৎকালীন ওসি জানিয়েছিলেন, হযরত আলী বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন। তবে হত্যার প্রকৃত কারণ ও ঘাতকদের পরিচয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি তখনো বাকি ছিল।

২০২৩ সালের ৮ অক্টোবর নাস্তিপুরের পাশ দিয়ে প্রবাহিত মাথাভাঙ্গা নদী থেকে মিরাজ হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে বিজিবি। তার শরীরে বিশেষ কৌশলে বাধা অবস্থায় ৬৮টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের ওজন ছিল ১০ কেজি ২৬৩ গ্রাম।

বিজিবির তথ্য অনুযায়ী, নদী পার হয়ে ভারতে যাওয়ার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। এ ঘটনা সীমান্তে স্বর্ণ পাচারের ঝুকি ও এর সঙ্গে জড়িতদের জীবনহানির বাস্তব চিত্র উঠে আসে।

একই বছরের ২৩ মার্চ দর্শনার ঝাঁঝাডাঙ্গা গ্রামের চার রাস্তার মোড়ে গমের ভুসির বস্তা থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। উদ্ধার স্বর্ণের ওজন ছিল ৩ কেজি ১৬৩ গ্রাম, যার আনুমানিক মূল্য ২ কোটি ৫৫ লাখ টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে এক পাচারকারী পালিয়ে যায়।

২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর কামারপাড়া সীমান্তে আসমা খাতুন নামে এক নারী তিনটি স্বর্ণের বারসহ আটক হন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে কামারপাড়ার সামাদ নামে এক ব্যক্তির সঙ্গে ওই স্বর্ণের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসে।

স্বর্ণ চোরাচালান ঘিরে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি ঘটে ২০২৫ সালের অক্টোবরে জীবননগরের গোয়ালপাড়া ও বগার মাঠ এলাকায়। ৫০ পিস স্বর্ণের বার, যার ওজন প্রায় ৫ কেজি, গায়েব হওয়াকে কেন্দ্র করে পাচজনকে অপহরণ করা হয়।

১২ ও ১৩ অক্টোবর দুই দফায় শফিকুল ইসলাম, আনারুল ইসলাম, হাসান মিয়া, আবুল হোসেন ও স্বপন ইসলামকে অপহরণ করা হয়। তাদের যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামের একটি খামারবাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। নির্যাতনের একপর্যায়ে শফিকুল ইসলামের চারটি আঙুল কেটে দেওয়া হয়।

৫ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ অভিযানে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনাটি প্রমাণ করে, স্বর্ণ পাচার শুধু সীমান্ত পারাপারের মধ্যেই সীমাবদ্ধ নয়, চালান হারানো ও অর্থের ভাগ-বাটোয়ারা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে ভয়াবহ বিরোধও তৈরি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দর্শনা-দামুড়হুদা ও জীবননগর সীমান্তে দীর্ঘদিন ধরে স্বর্ণ, মাদক ও হুন্ডির অর্থ লেনদেন ঘিরে একাধিক চক্র সক্রিয়। দর্শনা জয়নগর গ্রামের জাহাঙ্গীর ও শ্যামপুর গ্রামের জাহিদুলের বিরুদ্ধেও স্থানীয় পর্যায়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। জাহিদুলের বিরুদ্ধে স্বর্ণ ও রুপা আটকের মামলার তথ্যের কথাও স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগের তালিকায় কামারপাড়া গ্রামের আব্দুস সামাদ ও আলীহীমের নামও রয়েছে। তবে এসব ব্যক্তির ভূমিকা, পারস্পরিক যোগাযোগ কিংবা তারা একই নেটওয়ার্কে কাজ করেন কি না, তা তদন্তে প্রমাণিত নয়।

এদিকে কামারপাড়ার আব্দুস সামাদকে ঘিরে অডিও-ভিডিও রেকর্ডিংয়ের বিষয়টিও আলোচনায় এসেছে। ২০২৬ সালের ২০ জুন, একাধিক অডিও ও ভিডিওতে তার কণ্ঠে স্বর্ণ পাচার, সীমান্ত এলাকায় অবৈধ যাতায়াত ও চালানসংক্রান্ত বক্তব্য রয়েছে বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আগে যারা স্বর্ণ পাচার ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে, তারাই কি এখনো নেপথ্যে থেকে নতুন বাহক ও সহযোগীদের দিয়ে ব্যবসা পরিচালনা করছেন? নাকি পুরোনো চক্রের জায়গায় নতুন সিন্ডিকেট তৈরি হয়েছে? স্বর্ণ পাচার ও মাদক প্রবেশের অর্থনৈতিক লেনদেন একই নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

সীমান্ত দিয়ে একসময় প্রধানত ফেনসিডিল ও গাজা আসত। পরে ইয়াবার বিস্তার ঘটে। এখন ট্যাপেন্টাডল, বুপ্রেনরফাইন ইনজেকশন, এসকফ, উইন কোরেক্সসহ বিভিন্ন নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটের উপস্থিতি দেখা যাচ্ছে। এতে মাদক পাচারের ধরন ও বাজার পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হচ্ছে।

সীমান্তের ছোট বাহকদের পাশাপাশি সরবরাহকারী, মজুতদার, অর্থদাতা ও পরিবহন নেটওয়ার্ক শনাক্ত করা জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে স্বর্ণ পাচারের অর্থ মাদক কারবারে বিনিয়োগ হচ্ছে কি না, কিংবা হুন্ডির মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থ লেনদেন হচ্ছে কি না, তা তদন্তের আওতায় আনা প্রয়োজন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তের ঝুকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সমন্বয়ে যৌথ অভিযানও পরিচালিত হচ্ছে। স্বর্ণ চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

এছাড়া দর্শনা, নাস্তিপুর, ঝাঝাডাঙ্গা ও কামারপাড়া সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে হত্যা, অপহরণ, নির্যাতন ও চালান গায়েবের ঘটনা ঘটেছে।

এমএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন