চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে দুই ব্যক্তির কাছ থেকে দুটি মোটরসাইকেল, নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযাগ উঠছে। এ সময় ভুক্তভোগী ও তার দুই সন্তানসহ কয়েকজনকে মেহগনি বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে মিলাদের খিচুড়ি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
সোমবার (৩১ আগস্ট) রাত ৮টা থেকে ১০টার মধ্যে উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর ঘোড়ামারা মাঠে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন ফরিদপুর গ্রামের হারাম মণ্ডলের ছেলে বিপ্লব হোসেন এবং জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের মাঠপাড়ার বদরুদ্দিনের ছেলে শুকুর আলী।
ভুক্তভোগীরা জানান, পৃথক দুইটি মোটরসাইকেলে তারা গড়চাপড়া গ্রামের দিকে যাচ্ছিলেন। ঘোড়ামারা মাঠে পৌঁছালে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করেন। পরে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে মাঠের একটি মেহগনি বাগানে নিয়ে গিয়ে হাত-মুখ বেঁধে গাছের সঙ্গে আটকে রাখে।

বিপ্লব হোসেন জানান, জমি সংক্রান্ত কাজে তিনি গড়চাপড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে মুখোশধারী কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে অস্ত্রের মুখে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে বাগানে নিয়ে যায়। সেখানে তার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে নেয়।
আরেক ভুক্তভোগী শুকুর আলী জানান, দুই সন্তানকে সঙ্গে নিয়ে আত্মীয়ের বাড়িতে মিলাদ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে ও সন্তানদের ভয় দেখিয়ে মোটরসাইকেলটি নিয়ে যায় তারা। পরে তাদেরও মেহগনি বাগানে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। তার কাছ থেকে ৫০ টাকা ও মিলাদের তিন প্যাকেট খিচুড়িও নিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, পরে সুযোগ পেয়ে শুকুর আলী হাতের বাঁধন খুলে দুই সন্তানকে নিয়ে প্রায় দেড় কিলোমিটার মাঠ পেরিয়ে গ্রামের লোকজনকে বিষয়টি জানান। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের কাউকে পাননি। ছিনতাই হওয়া মোটরসাইকেল দুটিরও সন্ধান মেলেনি।
এ প্রসঙ্গে আলমডাঙ্গা থানার ওসি বাণী ইসরাইল বলেন, পুলিশের একটি টিম ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কারা জড়িত, তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ওএনবি



