গাজীপুর : নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশ আনসার ও ভিডিপি প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২০ মে) সকালে গাজীপুরের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সাহসিকতা ও কর্মদক্ষতা দিয়ে আনসার ও ভিডিপি মানুষের মধ্যে আস্থা অর্জন করেছে। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আনসার-ভিডিপির সাফল্যও প্রশংসনীয়।

তারেক রহমান বলেন, আনসার-ভিডিপির সদস্যরা শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আনসার ও ভিডিপির প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে।
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে এই বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করতে ‘উপজেলা আনসার প্রবিধানমালা ২০২৬’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এর আগে, বুধবার সকালে প্রধানমন্ত্রী সফিপুরের সমাবেশস্থলে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত আকর্ষণীয় ও সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন।
এ সময় অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন তিনি। বাহিনীর চৌকস দলগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার প্রদান করে।
এনডি/এএস



