রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঈদকে ঘিরে কক্সবাজারে র‍্যাবের কঠোর নিরাপত্তা বলয়

ঈদকে ঘিরে কক্সবাজারে র‍্যাবের কঠোর নিরাপত্তা বলয়

কক্সবাজার : পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে কক্সবাজারসহ র‌্যাব-১৫ এর দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধ, নাশকতা ও জনভোগান্তি প্রতিরোধে বিশেষ টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি কার্যক্রম ইতোমধ্যে জোরদার করেছে বাহিনীটি।

রোববার (২৫ মে) কক্সবাজারের রামু উপজেলার কলঘর বাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মহাসড়ক, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চঘাট, পর্যটন কেন্দ্র, শপিংমল এবং পশুর হাটসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে চাঁদাবাজি, ছিনতাই, জাল টাকা, অজ্ঞান পার্টি ও মলম পার্টির মতো অপরাধ দমনে র‌্যাবের টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধে পরিবহন খাতেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। মহাসড়কে ২৪ ঘণ্টাব্যাপী মোবাইল টিম ও চেকপোস্ট পরিচালনার মাধ্যমে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, ঈদের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি সাদা পোশাকে সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের চুরি, ডাকাতি, নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

জনসাধারণকে যে কোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়েছে র‌্যাব। একই সঙ্গে সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদ উদযাপনের আশাবাদ ব্যক্ত করেছেন র‌্যাব-১৫ এর অধিনায়ক।

শাহজাহান চৌধুরী শাহীন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন