সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

এ মাসেই ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে: প্রতিমন্ত্রী

এ মাসেই ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে: প্রতিমন্ত্রী

মুন্সিগঞ্জ: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন এ মাসের শেষদিকে ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো প্রবাসীরা ব্যাংকিং লেনদেন করতে পারবেন। পাশাপাশি দেশে ফিরে বিভিন্ন সমস্যার সমাধান ও সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রেও কার্ডটি কাজে লাগবে। এছাড়া সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কার্ডধারী প্রবাসীদের অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থাও থাকবে।

তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের বিভিন্ন সমস্যা ও দেশে ফিরে সেবা পাওয়ার ক্ষেত্রে যে জটিলতা রয়েছে, তা কমাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দেন। পরে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এমজি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন