ঢাকা: রাজধানীর কাঁটাবনে ১৪ তলা এক আবাসিক ভবনের ১২ তলার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- মো. জনি (২৪) ও মো. আবদুস সালাম (২০)।
এদের মধ্যে আবদুস সালাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক। অপরজন জনি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এসময় দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শনিবার (২৭ জুন) সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন জানান, আগুনে দগ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে জানতে পেরেছি তারা মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
পিএস/এনডি/এএস



