শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়ায় মায়ের সামনে ভ্যানচাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ায় মায়ের সামনে ভ্যানচাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ার খোকসায় মায়ের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার পথে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ইছান আব্দুল্লাহ (৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। চোখের সামনে সন্তানের এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার খোকসা-শোমসপুর সড়কের রাজিনাথপুর এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। ।

মৃত ইছান আব্দুল্লাহ শোমসপুর ইউনিয়নের বরইচারা গ্রামের রাজিব হাসানের ছেলে। সে রাজিনাথপুর এলাকার তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালেও ইছান তার মায়ের সাথে ভ্যানযোগে মাদ্রাসায় যাচ্ছিল। ভ্যান থেকে নামার পর ইছান দৌড়ে রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে ভ্যানের নিচে চাপা পড়ে এবং গুরুতর জখম হয়।

স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইছানের অকাল মৃত্যুতে হাসপাতাল চত্বরে তার স্বজনদের গগনবিদারী আর্তনাদে এক শোকাতুর পরিস্থিতির সৃষ্টি হয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ বর্তমানে পরিবারের কাছে রয়েছে। এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহত ওই মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, গ্রামীণ সড়কগুলোতে ব্যাটারিচালিত ভ্যানের বেপরোয়া গতির কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে।

ইয়াসির আরাফাত/এনডি/জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন