শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাতি: মা ও কন্যাকে নির্যাতনের অভিযোগ, আটক ৬

চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাতি: মা ও কন্যাকে নির্যাতনের অভিযোগ, আটক ৬

কক্সবাজার : কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরি থানাধীন পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় একটি বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মা ও তার স্কুলছাত্রী কন্যাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে।

সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে ফুরুক আহম্মদ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একপর্যায়ে বাড়িতে অবস্থানরত এক নারী ও তার স্কুলছাত্রী কন্যাকে সংঘবদ্ধভাবে নির্যাতন করে পালিয়ে যায়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মাতামুহুরি থানা ও চকরিয়া থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

পরে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী শিশুর মামা শাহিদুল ইসলাম মারুফ জানান, তার ভাগ্নির অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। মঙ্গলবার ভোররাত থেকে সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে।

চকরিয়া ও মাতামুহুরি থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের চিকিৎসা, ডাক্তারি পরীক্ষা এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মামলার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এদিকে দুপুরে সহকারী পুলিশ সুপার ( চকরিয়া সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শাহজাহান চৌধুরী শাহীন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন