চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত সাতজনকে বাংলাদেশে জোরপূর্বক পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দুজনের খোঁজ মিললেও বাংলাদেশে ঢুকেই নিরুদ্দেশ পাঁচজন হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে জীবননগরের কোনো এক সীমান্ত দিয়ে ওই সাতজনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয় বিএসএফ।
পুশইন হওয়া দুই ব্যক্তি জানিয়েছে, বাংলাদেশের কোন সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়েছে, তা নিশ্চিত নন। তবে তাদের ধারণা পাটোয়ারী (পুটিখালি) সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়েছে।

বিএসএফ কতৃক পুশইন করা ব্যক্তিদের মধ্যে দুজন খুলনা জেলার দেয়ারলাক গ্রামের আমিনুর রহমান ও তার ছেলে খলিলুর রহমান।
আমিনুর রহমান জানান, প্রায় আড়াই বছর আগে কাজের খোঁজে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। বৃহস্পতিবার ভোরে তাদেরকে সীমান্ত দিয়ে বিএসএফ জোরপূর্বক পুশইন করে। পরবর্তীতে তাদেরকে বিভিন্নভাবে ভাগ হয়ে সীমান্তপার হয়ে চলে যাওয়া জন্য নির্দেশ দেয় বিএসএফ।
তিনি আরও বলেন, আমরা মোট সাতজন ছিলাম। বাংলাদেশে ঢোকার পর বিজিবির কারো সাথে আমাদের দেখা হয়নি। নিজেদের নিরাপত্তার স্বার্থে আমরা একেক জন একেক দিকে ছড়িয়ে পড়েছি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে জীবননগর সীমান্ত দিয়ে ২জন বেরিয়ে এলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন চোখ বেঁধে ভারতীয় পাটোয়ারী সীমান্ত দিয়ে ৭জনকে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
এদিকে সীমান্তে বিএসএফের এমন অব্যাহত ও বেআইনি পুশইনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে বিজিবিকে আরও সতর্ক ও তৎপর থাকার দাবি তাদের।
এসব ঘটনায় সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ এবং দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এদিকে জীবননগর সীমান্ত দিয়ে পুশইনের ঘটনায় আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিজিবি।
এআর/জেএন



