রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমো (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মুনিরা মাহজাবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ ২০১৯-২০ সেশনের মাস্টার্সের শিক্ষার্থী। সে মাদারীপুর শীবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফার মেয়ে।
রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডা থানা পুলিশ উত্তর বাড্ডা পূর্বাচল উদয়ন ম্যানশন ১০ নম্বর লেনের ৫৯০ নম্বর বাড়ির নবম তলা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা উল্লেখ করেন, বাসাটির এ-৯ নম্বর ফ্ল্যাটে পরিবারের সাথে থাকতেন মুনিরা। বাসায় দরজা বন্ধ করে পরিবারের সবার অগোচরে ফ্যানের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস দেন তিনি। টের পেয়ে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় থেকে নিচে নামান।
পরবর্তীতে খবর পেয়ে বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মনিরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
গুলশান জোনের (বাড্ডা) এডিসি জুয়েল জানান, ঘটনাস্থল থেকে পাওয়া চিরকুটের ভিত্তিতে বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তীকে প্রাথমিকভাবে হেফাজতে নেয়া হয়েছে। পাশাপাশি ওই ছাত্রীর ঘনিষ্ঠ বান্ধবী উম্মে হানিকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।
পিএস/এনডি/এএস



