লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসীর কঠোর অবস্থানের কারণে পিছু হটে বিএসএফ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙের বাড়ি এলাকার ৮৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ২ এস সাব-পিলারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা সার্চলাইটের আলো নিভিয়ে বাংলাদেশে পুশইন করার পাঁয়তারা চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় সকলেই সজাগ হয়ে ওঠেন। তারা অন্যদের খবর দিয়ে সীমান্তে জড়ো হন।

পরে বাংলাদেশিদের চিৎকারের কিছুক্ষণ পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাদের লাইট জ্বালিয়ে দেয়। সীমান্তের কাছাকাছি বিএসএফ এবং কয়েকজনকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়।
সীমান্তের বাসিন্দা নুরুল ইসলাম জানান, রাত ৮টার দিকে হঠাৎ লাইট বন্ধ করে দিলে তারা চিৎকার করেন। এরপর বিজিবি সদস্যদের সঙ্গে সীমান্তে লাঠি হাতে পাহারা দেন তারা।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে এক বিজিবি সদস্য জানান, বিএসএফের যেকোনো ধরনের অবৈধ অপচেষ্টা ও আগ্রাসী মনোভাব রুখে দিতে বিজিবি এবং স্থানীয় জনতা সম্পূর্ণ প্রস্তুত ও কঠোর অবস্থানে রয়েছে।
এলএমএইচ



