চট্টগ্রাম: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও ত্যাগীরাই অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) রাতে নগরীর রেডিসন ব্লুতে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারম্যান বলেন, দুর্বল বা অযোগ্য কাউকে মনোনয়ন দিলে অন্যরা সুযোগ নেবে। তাই দলের সমর্থিত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে।

বিএনপি পরিবারকে একটি ঘরের বাসিন্দা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কোনো কারণে যাতে সেই ঘর ভেঙে না পড়ে, সে জন্য সবাইকে তা শক্ত হাতে ধরে রাখতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গুপ্ত বাহিনীর ষড়যন্ত্র এখনো চলছে। ফ্যাসিবাদী শক্তিও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তারেক রহমান বলেন, ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বিচার এক মাসের মধ্যে করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা ১৫ দিনের মধ্যে সম্পন্ন করা হয়েছে। এরপরও গুপ্ত বাহিনী এই বিচার নিয়ে মিথ্যাচার করেছে।
এ সময় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরে তিনি আরও বলেন, বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিচ্ছে। এসব বিষয়ে জনগণকে জানাতে হবে।
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সদস্যসচিব নাজিমুর রহমান। এতে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় উপস্থিত একাধিক বিএনপি নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমান দলের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে দিকনির্দেশনা ও উদ্দীপনামূলক বক্তব্য দেন।
চৌধুরী রেদোয়ান/এএস



