চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কেদারনগর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কেদারনগর গ্রামের আলী হোসেন ওরফে পান্না (৪২), আব্দুর রাজ্জাক (৫০) ও সাজিম (১৯)।

পুলিশ জানিয়েছে, কেদারনগর গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিত্তে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে আলী হোসেনের বসতবাড়ির একটি কক্ষে তল্লাশি চালিয়ে এই তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এনডি/এএস



