চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত দেশের ঐতিহ্যবাহী বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের সুগার ইউনিটের বিএমআর (ব্যালান্সিং মডার্নাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন) প্রকল্পের স্পেয়ার পার্টস কেনাকাটাকে ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।
প্রকল্পের কাজ শেষ হওয়ার পর যন্ত্রাংশ কেনার জন্য প্রথমে ৩ কোটি টাকার প্রস্তাব পাঠানো হলেও মাত্র ১০ দিনের ব্যবধানে তা বাড়িয়ে ৬ কোটি টাকা করা হয়। অন্যদিকে প্রকল্পের দুই বছরের ওয়ারেন্টি চলমান থাকা অবস্থায় নতুন করে যন্ত্রাংশ কেনার উদ্যোগ এবং উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণের যৌক্তিকতা নিয়েও উঠেছে প্রশ্ন ।
এ ঘটনায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ও যুগ্ম সচিব মো. সাইদুর রহমানের ভূমিকা নিয়ে অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, কেরুর সুগার ইউনিটের বিএমআর প্রকল্পের কাজ চলতি বছরের ৩০ জুন শেষ হয়। ২০২৫-২৬ মাড়াই মৌসুমের শেষ পর্যায়ে বর্ধিত সক্ষমতায় চিনি উৎপাদনও শুরু হয়। তবে চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় স্পেয়ার পার্টস সরবরাহ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)। এ কারণে প্রতিষ্ঠানটির বিল থেকে স্পেয়ার পার্টসের মূল্য বাবদ ২ কোটি ৫৪ লাখ টাকা কেটে রাখা হয়।
এরপর ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে বরাদ্দ না থাকলেও নতুন করে যন্ত্রাংশ কেনার উদ্যোগ নেওয়া হয়। গত ১৮ আগস্ট কেরু কর্তৃপক্ষ সদর দপ্তরে ৩ কোটি টাকার প্রস্তাব পাঠায়। কিন্তু ৩১ আগস্ট সংশোধিত প্রস্তাবে তা বাড়িয়ে ৬ কোটি টাকা করা হয়। মাত্র ১০ দিনের ব্যবধানে বরাদ্দ দ্বিগুণ করার কারণ এবং যন্ত্রাংশের প্রকৃত চাহিদা ও মূল্য নির্ধারণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে প্রস্তাব পাঠাতে বিলম্বের অভিযোগে কেরুর মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এছাড়া প্রকল্পের চুক্তি অনুযায়ী যন্ত্রপাতিতে দুই বছরের ওয়ারেন্টি রয়েছে। অর্থাৎ এ সময়ের মধ্যে যন্ত্রপাতিতে ত্রুটি দেখা দিলে চুক্তির শর্ত অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানেরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা। এমন পরিস্থিতিতে ওয়ারেন্টির আওতাভুক্ত যন্ত্রাংশ নতুন করে কেনার প্রয়োজনীয়তা কতটুকু, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
একজন জ্যেষ্ঠ প্রকৌশলীর দাবি, তালিকাভুক্ত কিছু যন্ত্রাংশ আগামী পাঁচ থেকে সাত বছরেও প্রয়োজন নাও হতে পারে। ফলে বর্তমান মজুত, প্রকৃত চাহিদা, ওয়ারেন্টির শর্ত এবং টেকনিক্যাল কমিটির সুপারিশ যাচাই না করে বিপুল অর্থ ব্যয়ে কেনাকাটা করা হলে সরকারি অর্থের অপচয়ের আশঙ্কা রয়েছে।
কেরুর পাঠানো যন্ত্রাংশের তালিকা পাওয়ার কথা স্বীকার করে করপোরেশনের প্রধান প্রকৌশলী মাহমুদুল হক জানিয়েছেন, তালিকাটি এখনো যাচাই করা হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযোগ রয়েছে, প্রস্তাবিত স্পেয়ার পার্টস কেনার ক্ষেত্রে উন্মুক্ত দরপত্র অনুসরণ না করে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে জিটুজি পদ্ধতির যুক্তিও দেখানো হয়েছে। তবে সংশ্লিষ্টদের একাংশের দাবি, প্রস্তাবিত যন্ত্রাংশ বিএমটিএফ কিংবা মূল প্ল্যান্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের নিজস্ব উৎপাদিত পণ্য নয়। সাব-কন্ট্রাক্টর নিউটেক ইন্টারন্যাশনালের মাধ্যমে স্থানীয় বাজার থেকে এসব যন্ত্রাংশ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। ফলে ডিপিএম পদ্ধতি অনুসরণের আইনগত ও প্রাতিষ্ঠানিক যৌক্তিকতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
এ ছাড়া করপোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ও যুগ্ম সচিব মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ঠিকাদারদের কাছ থেকে কারিগরি অনুমোদনের জন্য তিন শতাংশ পর্যন্ত কমিশন দাবির অভিযোগ করেছেন কয়েকজন ঠিকাদার।
তাদের দাবি, দাবিকৃত অর্থ দিতে রাজি না হলে বিভিন্ন অজুহাতে ফাইল আটকে রাখা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে মো. সাইদুর রহমানের সঙ্গে তার ব্যবহৃত ০১৭১১-৯৭৫৪১৮ নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, প্রথমে ৩ কোটি টাকার যে প্রাথমিক হিসাব করা হয়েছিল, তা দিয়ে আমদানিনির্ভর যন্ত্রাংশের প্রকৃত মূল্য ও আনুষঙ্গিক খরচ মেটানো সম্ভব হচ্ছিল না। পরবর্তী সময়ে প্রকৃত ব্যয় বিবেচনায় বরাদ্দ বাড়ানোর বিষয়টি সামনে আসে।
ডিপিএম পদ্ধতি অনুসরণের বিষয়ে তিনি বলেন, প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে সরকারি প্রতিষ্ঠানে সরাসরি পণ্য সংগ্রহের ক্ষেত্রে ডিপিএম পদ্ধতির বিধান রয়েছে। সময়স্বল্পতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে। এটি কোনো একক ব্যক্তির সিদ্ধান্ত নয়, উচ্চপর্যায়ের আলোচনা ও যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে প্রক্রিয়াটি যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি আরও বলেন, স্পেয়ার পার্টস কেনাকাটা ও বাজেটের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। যাচাই-বাছাই শেষে বোর্ডে উপস্থাপন করা হবে। বোর্ডের অনুমোদন পেলেই কেবল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কেরুর যান্ত্রিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন মোল্লা বলেন, প্রথমে যন্ত্রাংশের একটি সম্ভাব্য তালিকা তৈরি করে আনুমানিক ৩ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রতিটি যন্ত্রাংশের পৃথক মূল্য নির্ধারণে সময় লাগায় দ্রুত প্রস্তাব পাঠানোর জন্য প্রাথমিকভাবে আনুমানিক অর্থ উল্লেখ করা হয়।
পরবর্তী সময়ে সদর দপ্তরের প্রতিনিধি, কেরুর প্রতিনিধি ও ভারতীয় বিশেষজ্ঞদের উপস্থিতিতে যন্ত্রাংশের মূল্য যাচাই-বাছাই করে প্রকৃত ব্যয়ের হিসাব নির্ধারণ করা হয়। এরপর ছয় কোটি টাকার সংশোধিত প্রস্তাব পাঠানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি সদর দপ্তরের অবগতিতেই হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে টেকনিক্যাল কমিটির মাধ্যমে যন্ত্রাংশের প্রয়োজনীয়তা ও বাজারমূল্য যাচাইয়ের পরিবর্তে এভাবে মূল্য নির্ধারণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
অন্যদিকে করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামছুজ্জামান (সুরুজ)-এর দপ্তরের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করা হলে ফোন রিসিভকারী একজন জানান, চেয়ারম্যান একটি সভায় ব্যস্ত রয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, পুরো ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে ৩ কোটি থেকে ৬ কোটি টাকা করার কারণ, যন্ত্রাংশের প্রকৃত প্রয়োজনীয়তা, বাজারমূল্য, দুই বছরের ওয়ারেন্টির শর্ত, ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা এবং ডিপিএম পদ্ধতি অনুসরণের বিধিবিধান খতিয়ে দেখা জরুরি।
বিশেষ করে ২ কোটি ৫৪ লাখ টাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল থেকে কেটে রাখার পরও নতুন করে ছয় কোটি টাকার যন্ত্রাংশ কেনার প্রস্তাবের যৌক্তিকতা নিরূপণ করা প্রয়োজন। শিল্প সচিবের দপ্তরে দেওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সব নথি যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এমএস



