ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একজন নারীসহ ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। আটকৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার উপজেলার খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাক থেকে তাদেরকে আটক করা হয়।
বিকেলে গণমাধ্যমে পাঠানো মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকৃতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কুরচাই গ্রামের রতন মিয়ার ছেলে মোঃ আলম মিয়া (৩৪), গাজীপুর সদর উপজেলার ভোগড়া দক্ষিণ গ্রামের জালাল মিয়ার ছেলে মোঃ শওকত মিয়া (২৪), কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরী গ্রামের আছিম উদ্দিনের ছেলে মোঃ রোহাত মিয়া (৩১), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে সঞ্জয় মন্ডল (৩৬) এবং পঞ্চগড়ের আটওয়ারী উপজেলার ফতেহপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মোঃ মাসুদ রানা (৩৫)।
এছড়া আটকৃতদের মধ্যে একজন নারী রয়েছেন। সামাজিক নিরাপত্তা জনিত কারণে ওই নারীর পরিচয় প্রকাশ করেনি বিজিবি।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত পিলার-৬০/৭৭-আর থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সলেমানপুর গ্রামের হঠাৎপাড়া ইটভাটায় নিয়মিত টহল পরিচালনা করছিল বিজিবি।
এ সময় হাবিলদার মোঃ নাসির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে টহল দল অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটক ৬ জনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
পিআর



