খুলনা : খুলনায় ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করছে দূর্বিত্তরা। এ সময় তার স্ত্রী বাধা দিলেও তাকেও কুপিয়ে আহত করা হয়।
রোববার দিবাগত রাত ১টার দিকে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ভবতোষ মৃধা (৪০) একই এলাকার যশো মৃধার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানকি ১টার দিকে একদল চোরচক্র সিঁধ কেটে তার ঘরে প্রবেশ করে। এসময় ভবতোষ বিষয়টি বুঝতে পারলে চোরচক্র তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শ্বাসনালি কেটে দেয়। এসময় তার স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে।

পরবর্তীতে স্থানীয়রা ভবতোষ মৃধাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, ব্যবসায়ী ভবতোষ মৃধা হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমটিএস/এনডি/এএস



