চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। পরে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
শনিবার (৩ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবননগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতাকৃতরা হলেন— পৌর এলাকার লক্ষ্মীপুর খাঁপাড়ার ছমির উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৪), দৌলতগঞ্জ উত্তরপাড়ার আরজ আলীর ছেলে জাহিদ হাসান (১৯) এবং খায়েরহুদা পূর্বপাড়ার বাহার আলীর ছেলে ইয়ামিন (২২)।
ডিএনসি জানায়, অভিযানে দেলোয়ার হোসেনের কাছ থেকে ১ পিস ইয়াবা, জাহিদ হাসানের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা এবং ইয়ামিনের কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোট উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৫ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবা।

পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত, চুয়াডাঙ্গায় হাজির করা হয়। আদালত দেলোয়ার হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, জাহিদ হাসানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং ইয়ামিনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) রফিকুল ইসলাম।
এমভি/এএস



