চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৪৫৩ বোতল উইন কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দেলোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, গয়েশপুর উত্তরপাড়া গ্রামের মো. আয়নাল মন্ডলের ছেলে দেলোয়ার হোসেনের বাড়িতে মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির রান্নাঘর থেকে দুটি বস্তায় রাখা মোট ৪৫৩ বোতল উইন কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক দেলোয়ার হোসেনকে আটক করা হয়েছে।

জীবননগর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, আটকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।
ওএফ/এএস



