ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছয়জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ ইনের (ঠেলে পাঠানো) চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ জুলাই) ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ সামন্তা বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজিবি জানায়, আজ ভোর ৫টা ১০ মিনিটে সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায়। ওই দলে চারজন পুরুষ ও দু’জন নারী ছিলেন।

তবে ওই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশের পূর্বেই সামন্তা বিওপির বিজিবির একটি টহল দলের নজরে আসে। বিজিবির তৎপরতায় বাধা পেয়ে বিএসএফের চেষ্টা ব্যর্থ হয়।
বর্তমানে তারা সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। ঘটনাটির বিষয়ে এরইমধ্যে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশ ইন রোধে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
এআই/জেএন



