ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুল্লাহ হক (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আসাদুল্লাহ হক একই উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্তের চকসিমানন্দ বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সীমান্তে বিএসএফের গুলিতে আহত হন আসাদুল্লাহ হক। পরে তাকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, একজন নিহত হওয়ার খবর তারা শুনেছেন। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।
তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে আসাদুল্লাহ হক সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন, সে বিষয়ে বিজিবি কিছু জানায়নি। এছাড়া নিহতের মরদেহ দেশে ফেরত আনার বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
জেএন



