, || ||

ঢাকার আরও ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

ঢাকার আরও ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

ঢাকা: রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দিকে ঝুঁকছে সরকার। ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে বসছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা।

এরমধ্যে প্রথম ধাপে ৭৬ মোড়ে এআইভিত্তিক সিস্টেম পুরোদমে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ডিএমপি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সচিবালয়ে অনুষ্ঠিত রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও যানজট নিরসন-সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় এ উদ্যোগ উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান সড়কগুলোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ধাপে ধাপে স্বয়ংক্রিয় করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত কোনো বিশেষ বরাদ্দের প্রয়োজন হবে না; পুলিশের নিজস্ব তহবিল থেকেই ব্যয় নির্বাহ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে বিশেষ করে জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পরীক্ষামূলকভাবে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সিগন্যাল ধাপে ধাপে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হলেও প্রয়োজনে ম্যানুয়াল নিয়ন্ত্রণের সুযোগ রাখা হয়েছে।

চলতি বছরের ৭ মে থেকে এসব পয়েন্টে এআই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু করে ডিএমপি। এআই-চালিত ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তের পাশাপাশি ২০১৮ সালের সড়ক পরিবহন আইন কার্যকরে সহায়ক সফটওয়্যারও যুক্ত করা হয়েছে।

আরপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন