ঢাকা : ভ্যাপসা গরম ও তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশবাসী। এক পশলা বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেকে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় কিছুটা কমেছে তাপমাত্রা।
এদিকে আজ শুক্রবার (৫ জুন) সকালে বৃষ্টি নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময় চলমান তাপপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
পিএস/এনডি/এএস



