সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। হতহতরা সবাই ভ্যানযাত্রী ছিলেন।
শুক্রবার (৫ জুন) ভোর ৬টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার মেঘুল্লা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেলকুচি উপজেলার উজিলা খাতুন, মোতালেব হোসেন ও ভ্যানচালক হযরত আলী। আহত হলেন মোছা. তামান্না খাতুন নামে অপর এক ভ্যানযাত্রী।

বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার শহিদুর রহমান জানান, এনায়েতপুর থেকে বেলকুচিগামী একটি ভ্যান শুক্রবার ভোর ৬টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার মেঘুল্লা এলাকায় পৌঁছালে এর অ্যাক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে চলে আসে।
এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা এক্সপ্রেস নামের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ তিনজন নিহত হন। আহত হন আরও একজন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মরদেহ এবং আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়। আহত ভ্যানযাত্রীকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সুমি রহমান/এনডি/এএস



