, || ||

নেইমারের ফেরার ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল

নেইমারের ফেরার ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল

ঢাকা: দীর্ঘ দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেন নেইমার জুনিয়র। তার ফেরার ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে কার্লো আনচেলত্তির দল।

মায়ামিতে বৃহস্পতিবারের (২৫ জুন) ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। সপ্তম মিনিটেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

এরপর ২২তম মিনিটে আবারও জালে বল পাঠান ভিনিসিয়ুস।তবে ভিএআরের পর্যালোচনায় বল দখলের আগে ফাউলের প্রমাণ পাওয়ায় গোলটি বাতিল হয়ে যায়।

প্রথমার্ধে স্কটল্যান্ড কয়েকবার আক্রমণে উঠলেও ব্রাজিলের রক্ষণ ও গোলরক্ষক অ্যালিসন বেকার দৃঢ়তা দেখান। ২৯তম মিনিটে ম্যাককেনার হেড এবং ৩৩তম মিনিটে ফার্গুসনের দূরপাল্লার প্রচেষ্টা থেকে গোল পায়নি স্কটিশরা।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। সহজ হেডে জালে বল পাঠান ভিনিসিয়ুস জুনিয়র। তার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্কটল্যান্ড। ৪৯তম মিনিটে কিরান টিয়ার্নির ক্রস থেকে স্কট ম্যাকটমিনের হেড সহজেই ধরে ফেলেন অ্যালিসন।

তবে ৬০তম মিনিটে ম্যাচের ভাগ্য পুরোপুরি নির্ধারণ করে দেয় ব্রাজিল। মাতেউস কুনিয়া বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন। এরপরও স্কটল্যান্ড কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু গোলের দেখা মেলেনি।

এদিকে ৭৬তম মিনিটে কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার, যা ছিল জাতীয় দলের হয়ে তার দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন। সবশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর সেলেসাওদের হয়ে খেলেছিলেন তিনি।

শেষদিকে ভিনিসিয়ুস হ্যাটট্রিকের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। অন্যদিকে যোগ করা সময়ে ম্যাকটমিনের শট ঠেকিয়ে স্কটল্যান্ডকে সান্ত্বনার গোল থেকেও বঞ্চিত করেন অ্যালিসন।

শেষ পর্যন্ত ৩-০ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। তাতে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে নকআউটে উঠেছে তারা।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন