ঢাকা: ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির রাজধানীসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় রাত ১০টায় অনুভূত হয় প্রথম কম্পনটি। কম্পনগুলোর উৎপত্তিস্থল রাজধানী কারাকাস থেকে ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপে এলাকায়।
মার্কিন ভূ-তত্ত্ব বিভাগের তথ্য বলছে, প্রথম কম্পনটির মাত্রা ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টি ৭ দশমিক ৫ মাত্রার।

এখনো কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সামনে আসছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ধসে পড়া বিভিন্ন স্থাপনার ছবি। কিছু কিছু স্থানে হতাহতদের জরুরি সেবা দিতে অ্যাম্বুলেন্স পৌঁছেছে। তবে, এখনো হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো জনগণকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি ভবনের গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের সময় কারাকাসের বাসিন্দারা দ্রুত ভবন ছেড়ে বাইরে নিরাপদ স্থানে আশ্রয় নেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, তার ভবনে ফাটল দেখা দিয়েছে এবং কাঁচ ভেঙে পড়েছে।
জেএন



