চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের সাগরিকা ফ্লাইওভার থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা কাউসার আহমেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাউসার আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, সোমবার (১১ মে) দিনগত রাত ৩টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পাহাড়তলী থানা পুলিশ ওই ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আকবর শাহ থানার সভাপতি জুয়েল সিদ্দিকী নিহত যুবককে সংগঠনটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কাউসার আহমেদ বলে নিশ্চিত করেছেন।

আকবর শাহ থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি শোকবার্তায় তার ‘রহস্যজনক মৃত্যুতে’ শোক প্রকাশ করা হয়েছে।
এদিকে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।
মঙ্গলবার রাতে ছড়িয়ে পড়া একাধিক ফেসবুক পোস্টে তারা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন।
পাহাড়তলী থানার উপপরিদর্শক মাসুদুর রহমান জানান, নিহত ব্যক্তি বিএসআরএম-এ নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারপরও নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
ছাত্রলীগের রাজনীতির সঙ্গে নিহত ব্যক্তির সম্পৃক্ততার দাবিও সঠিক নয় বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা। তার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো প্রপাগান্ডা।
পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার বলেন, আমরা মারা যাওয়া যুবকের লাশের ময়নাতদন্ত করার পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
চৌধুরী রেদোয়ান/এনডি/এএস



