সাতক্ষীরা : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জলদস্যুদের হাতে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণের বিনিময়ে বাড়িতে ফিরেছেন জেলে ইসমাইল শেখ (২৮)। মঙ্গলবার রাতে জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হয়ে বুধবার তিনি বাড়িতে পৌঁছান।
ইসমাইল শেখ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের মিজানুর শেখের ছেলে। এর আগে গত রোববার সকালে সুন্দরবনে মাছ ধরার সময় জলদস্যুরা তাকে অপহরণ করে।
ইসমাইলের পরিবার জানিয়েছে, সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল থেকে ‘আলিম ওরফে আলিফ বাহিনী’র সদস্যরা তাঁকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাঁর মুক্তির জন্য বড় অঙ্কের টাকা দাবি করে।

মঙ্গলবার দুপুরের দিকে দস্যুদের দেওয়া একটি বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পাঠানো হয়। টাকা পাওয়ার পর ওই রাতেই তাঁকে লোকালয়ে ফিরে আসা একটি জেলে নৌকায় তুলে দেয় দস্যুরা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, অন্যান্য জেলেদের মাধ্যমে একজনের অপহরণ হওয়ার খবর তাঁরা শুনেছিলেন। তবে মুক্তিপণের টাকা দিয়ে ওই জেলে ফিরে এসেছেন কি না, সে বিষয়ে বন বিভাগকে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সুন্দরবনের গহিন অরণ্যে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে প্রতিনিয়ত দস্যু বাহিনীর হাতে জেলে অপহরণের ঘটনায় স্থানীয় সুন্দরবনের উপকূলবর্তী জেলে পরিবারগুলোর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠ বিরাজ করছে।
আব্দুল মোমিন/এনডি/এএস



