ঢাকা : ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া সি জোসেফ বিজয়। আর এর মধ্য দিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটল।
রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তামিলাগা ভেট্টিরি কাঝাগাম (টিভিকে) প্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
এর মধ্য দিয়ে প্রায় ৬০ বছর পর ডিএমকে ও এআইএডিএমকের বাইরে কোনো অ-দ্রাবিড় রাজনৈতিক দলের সরকার প্রতিষ্ঠিত হলো তামিলনাড়ুতে।

গত মাসের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করতে গত চারদিন তুমুল রাজনৈতিক নাটকীয়তা চলে।
এই সময়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে চার দফা বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হন ৫১ বছর বয়সী এই নেতা।
ওএনবি ডেস্ক/জেএন



