ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন রাখার দায়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারের সুমি ফার্মেসীর মালিক আশরাফুল আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চালানো অভিযানে এ জরিমানা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
পরে সংবাদ মাধ্যে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে হিজলগাড়ী এলাকার মো. আশরাফুল আলমের মালিকানাধীন মেসার্স সুমি ফার্মেসি পরিদর্শন করা হয়। এ সময় ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষণ করার বিষয়টি ধরা পড়ে।

পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশু খাদ্য বিক্রি না করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব সদস্য রফিকুল ইসকাম এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সিপি/এএস



