ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। এ সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।

মির্জা ফখরুলের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আরেকটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় বিএনপি। মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান আর সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।
এর আগে রাষ্ট্রপতি পদে নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হয়।
অলি আহমদের নামেও দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আরেকটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। আর ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেপি/এএস



