, || ||

অবশেষে আলোর মুখ দেখছে পদ্মা ব্যারেজ প্রকল্প

অবশেষে আলোর মুখ দেখছে পদ্মা ব্যারেজ প্রকল্প

ঢাকা: কয়েক দফা পেছানোর পর অবশেষে আলোর মুখ দেখছে পদ্মা ব্যারেজ প্রকল্প। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ প্রকল্প। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ীর পাংশায় নির্মাণ করা হবে পদ্মা ব্যারেজ। বহুল কাঙ্খিত এই প্রকল্পটি আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেয়া হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার মোট ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

এ প্রকল্পের মধ্য দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিনের সংকট নিরসনে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।

সভা শেষে পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, এ প্রকল্প নিয়ে একনেকে বিস্তর আলোচনা হয়েছে।

তিনি বলেন, ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ বাস্তবায়ন শেষ হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার মানুষ এর সুফল পাবে। বিশেষ করে কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, গঙ্গা চুক্তি নিয়েও আলোচনা অনেক দূর এগিয়েছে। চলতি বছরেই চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে যৌথ নদী কমিশন কাজ করছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ সরাসরি উপকৃত হবে, কমবে লবণাক্ততা, প্রাণ ফিরে পাবে মৃতপ্রায় নদীগুলো—একই সঙ্গে কৃষি, মৎস্য ও পরিবেশে আসবে ইতিবাচক পরিবর্তন।

পিএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন