শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আজমুল হত্যা: স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন প্রতাপ-রুবেল

আজমুল হত্যা: স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন প্রতাপ-রুবেল

খুলনার নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও চুয়াডাঙ্গার দর্শনা থানার বড়শলুয়া গ্রামের মো. কুতুব উদ্দীনের ছেলে আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটক খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী প্রতাপ সরকার ও হল গেটের সামনে রুবেল জুস কর্নারের মালিক তারেক হাসান রুবেল।

গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মহানগর হাকিম ইব্রাহিম খলিল মুহিম তাদের জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে মঙ্গলবার দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী হাসনাত হাবিব রিফাত। এদিকে আজমুল হত্যা মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ১৮ ব্যাচের সাবেক শিক্ষার্থী শেখ আসিফ হোসেনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-০৬)।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে হরিণটানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হরিণটানা থানার ওসি ইকবাল হোসেন বলেন, আজমুল হত্যা মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে এসআরবি এবং একজনকে ডিবি আটক করেছে। তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চতুর্থ আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনিও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতে চুরির অপবাদ দিয়ে আজমুল যে মেস থাকতেই সেই ভবনের চতুর্থ তলার ছাদে নিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তিনি চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আজমুলের বাবা চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ জনকে আসামি করে মামলা করেন।

আরপি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন