চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত দেশের ঐতিহ্যবাহী ও অন্যতম বৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানীর চলতি ২০২৬-২০২৭ মাড়াই মৌসুমের উদ্ধোধন হবে আগামী ১৮ ডিসেম্বর। গত মৌসুমের থেকে এবার আখের আবাদ ২৪০ একর জমিতে বেশি হওয়ায় চিনি উৎপাদনে আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা।
কেরু সুত্রে জানা গেছে, ২০২৬-২০২৭ মৌসুমে ৫ হাজার ৮০২ একর জমিতে আখ চাষ করা হয়েছে। তাতে আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০ হাজার মেট্রিক টন। এর থেকে চিনি উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৮শ মেট্রিক টন। চিনি আহরনের গড় হার ধরা হয়েছে ৬ ভাগ।
গেলো ২০২৫-২০২৬ আখ মাড়াই মৌসুমে কেরু এন্ড কোম্পানি ৬৫ হাজার ৪৬৮ মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৫৬৪ মেট্রিক টন চিনি উৎপাদন করে। ৬৪ কার্যদিবসে ৫ হাজার ৫৬২ একর জমির আখ মাড়াই করে মিলটি। চিনি আহরনের গড় হার ছিলো ৫.৪৪ ভাগ।

এদিকে আগামী ২০২৭-২০২৮ মৌসুমে মিলটি আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে ৬ হাজার ৩ শ একর জমিতে। ইতিমধ্যে মাঠে আখ রোপন শুরু করা হয়েছে। আখের আবাদ বৃদ্ধি করার লক্ষ্যে কয়েক বছর ধরে কৃষকদেরকে নানাভাবে মোটিভেট করা হচ্ছে। এ কারনে গত দুই বছরের ব্যবধানে আখ চাষ বেড়েছে ৮শ একর জমিতে।
আখ চাষে আরো বেশি কৃষককে সম্পৃক্ত করার জন্য ইতিমধ্যে আখের মূল্য বাড়ানো হয়েছে। সহজ শর্তে সার, বীজ, কীটনাশক ও নগদ লোনের ব্যবস্থা করা হয়েছে।
৮৮ বছরের পুরোনো যন্ত্রপাতির কারণে চিনিকলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ সমস্যা সমাধানে প্রায় ১০২ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে চিনিকলের বিএমআরই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ২০২৫ সালের শেষের দিকে প্রকল্পের কাজ শেষ হয়।
২০২৫-২৬ মাড়াই মৌসুমে ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে আধুনিকায়নের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। গত বছর বিএমআরই আংশিক সুবিধা পাওয়া যায়। চলতি বছর থেকে পুরোপুরি বিএমআরই সুফল পাওয়া যাবে বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন। এরফলে চিনি উৎপাদন বাড়বে। কমবে সিসটেম লস।
জানতে চাইলে কেরু এন্ড কোম্পানির কৃষি খামারের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম ভূঁইয়া জানান, কেরুর মোট জমির পরিমান ৩ হাজার ৫৫৬ একর। এর মধ্যে চাষযোগ্য জমি রয়েছে ২ হাজার ৪১০ একর। প্রতিবছর ১ হাজার ৫শ একর নিজস্ব জমিতে আখ চাষ করা হয়।
তিনি বলেন, চলতি বছর ৩ হাজার ৬০৫ জন কৃষক কেরু থেকে সুবিধা নিয়ে আখ চাষ করেছে। বর্তমানে মিল গেটে প্রতি কেজি আখের দাম দেয়া হচ্ছে ৬.৫১ টাকা ও মিলের বাইরে ৬.৩৭ টাকা। অর্থাৎ প্রতি মণ আখের দাম কৃষক পাচ্ছে ২৪০ টাকা।
আশরাফুল আলম ভূঁইয়া জানান, কেরুর উৎপাদিত প্যাকেটজাত চিনি প্রতি কেজি ১৩০ টাকা, খোলা চিনি ১২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। কেরু উৎপাদিত চিনি দেশের বিভিন্ন এলাকায় ডিলারদের মাধ্যমে বাজারজাত করা হয়। বাজারে কেরুর চিনির প্রচুর চাহিদা রয়েছে।
কেরুর উপ-মহাব্যবস্থাপক (অর্থ) মুহম্মদ আব্দুস সাত্তার বলেন, চিনি খাতে লোকসান থাকলেও ডিস্টিলারী খাতে বড় অংকের মুনাফা অর্জণ করে মিলটি। চিনি উৎপাদনে গত ২৪-২৫ অর্থ বছরে ৬২ কোটি ও ২৫-২৬ অর্থ বছরে ৬০ কোটি টাকা লোকসান বাদ দিয়েও ডিস্ট্রিলারী খাতে মিলটি ১২৮ কোটি টাকা ও ১৬৪ কোটি টাকা মুনাফা করেছে।
এ প্রসঙ্গে কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসান জানান, ২০২৬-২৭ মাড়াই মৌসুমে আমরা আশা করছি প্রায় ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করতে পারব। মাড়াইয়ের লক্ষমাত্রা পূরণ হলে প্রায় ৪ হাজার ৮০০ মেট্রিক টন চিনি উৎপাদন করা সম্ভব হবে।
তিনি বলেন, এখন ২০২৬-২৭ রোপন মৌসুম চলছে। আখের লক্ষ্যমাত্রা প্রায় ৬ হাজার ৩০০ একর। আগামী মৌসুমে আমাদের এই প্রতিষ্ঠানটি প্রায় ৯০ হাজার মেট্রিক টনের উপরে আখ পাবে ইনশাআল্লাহ। প্রতি বছরই এই আঁখের পরিমাণটা যেন কিছু কিছু করে বৃদ্ধি পায় সেই চেষ্টা করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা কৃষকদের বিভিন্ন প্রণোদনা দিয়ে থাকি, আগাম আখ চাষের উপরে একটা প্রণোদনা আছে। এছাড়াও বিভিন্ন ভর্তুকির মাধ্যমে আখ চাষীদেরকে বিভিন্ন সহায়তা করা হয়। গত বছর বিএমআরই হয়েছে। এটা হওয়াতে আমাদের কিছু প্রসেস লস কমবে। উৎপাদনশীলতা বৃদ্ধি করতে আমরা সক্ষম হব।
উল্লেখ্য, কেরু চিনিকল চুয়াডাঙ্গার হাজার হাজার কৃষকের ভাগ্য বদলে দিয়েছে। প্রধানত চিনি কলের কারণে কালক্রমে গড়ে উঠেছে দর্শনা শহর। উপমহাদেশের শিল্প স্থাপনাগুলোর মধ্যে একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বর্তমানে এ প্রতিষ্ঠানে ৫৯ জন কর্মকর্তাসহ ১ হাজার ৩শ জন কর্মচারী ও শ্রমিক কাজ করছেন।
পাশাপাশি ৫ হাজার কৃষকসহ লক্ষাধিক মানুষ এ প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা ভোগ করেন। চুয়াডাঙ্গা জেলায় স্বাধীনতার পর সরকারি ও বেসরকারি পর্যায়ে তেমন কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। সৃষ্টি হয়নি মানুয়ের কর্মসংস্থানের সুযোগ। শুধু কেরু চিনিকলেই এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রেখে চলেছে।
এএস



