ঢাকা: আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো গণমাধ্যম যেন শেখ হাসিনার বক্তব্য প্রকাশ বা প্রচার না করে। আদালতের আদেশ অমান্য করা হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, আগেও এ বিষয়ে সরকার গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছিল। যদি কেউ আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং সেটি প্রকাশ বা সম্প্রচার করে, তবে সেটি আদালতের আদেশ অমান্য করার শামিল হবে।

তিনি বলেন, আদালতের নির্দেশনা মানা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকারের কাজ হলো আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা।
প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য কেবল আস্ফালন, বাস্তবে তা করার সক্ষমতা তার নেই। একই সঙ্গে সরকার যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতসহ সব দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে চলছে এবং এ বিষয়ে কোনো ভূরাজনৈতিক সমস্যায় নেই।
জেপি/এএস



