রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত

বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বাসিন্দা।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্ণফুলী থানার ওসি নূর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার ক্রসিং মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঈদগাঁও বাস স্টেশনের নূর জাহান প্লাজার মালিক ও পোকখালী ইউনিয়নের গোমাতলীর বাসিন্দা ফেরদৌস আলম ফিরোজ (৫৫), মাইক্রোবাস চালক মো. মুন্না (৪০), ঈদগাঁও মাইজপাড়ার বজল মেম্বারের চাচাতো ভাই নিয়াজ মোর্শেদ (২২) এবং তার বোন মিফতাহ (২০)।

গাড়িবহরে থাকা প্রত্যক্ষদর্শী আবদু শুক্কুর জানান, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে পরিবারের কয়েকজন সদস্য ও আত্মীয়স্বজনকে নিয়ে একটি মাইক্রোবাসে করে তারা কক্সবাজারের ঈদগাঁওতে ফিরছিলেন। রাত পৌনে ২টার দিকে গাড়িটি ক্রসিং মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
তিনি বলেন, ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিফতাহ নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিয়াজ মোর্শেদ ও মাইক্রোবাসচালক মো. মুন্নাকে মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ওসি নূর আহমদ জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসসিএস/জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন