আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নে তিন গরু ব্যবসায়ীর কাছ থেকে ৭ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে সংঘবদ্ধ এক ছিনতাইকারীদের বিরুদ্ধে।
ছিনতাইকারীদের হামলায় তিন গরু ব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে মুন্সিগঞ্জ-বড়গাংনী সড়কের সোনাতনপুর কাটা বটগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, পাখিভ্যান যোগে মুন্সিগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন গোয়ালবাড়ি গ্রামের গরু ব্যবসায়ী হাকিম, তার ছেলে সবুজ এবং অপর ব্যবসায়ী আমিন। এ সময় সোনাতনপুর কাটা বটগাছের কাছে পৌঁছালে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের গতিরোধ করে।
কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে গরু ব্যবসায়ী হাকিমের কাছে থাকা ৪ লাখ ২৫ হাজার টাকা এবং আমিনের কাছে থাকা ৩ লাখসহ মোট ৭ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয়রা জানান, এর আগে গত শুক্রবার যুগিরহুদা গ্রাম থেকে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে গোয়ালবাড়ি গ্রামে দুই যুবক হামলার শিকার হন। ওই ঘটনার রেশ ধরেই গরু ব্যবসায়ীদের ওপর এই হামলা চালানো হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তারা।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। বর্তমানে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমভি



