কক্সবাজার: এসএসসি পরীক্ষায় ১৩০০ শ’ নম্বরের মধ্যে ১২৫১ নম্বর পেয়ে জেলায় প্রথম স্থান অধিকার করেছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাবিহা নওরিন।
মেধাবী নাবিহা নওরিন কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের শিক্ষক দম্পতি মুনির উদ্দিন আহম্মদ ও শাহিদা আক্তারের মেয়ে।
নাবিহার বাবা শুকমনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা মাঝির কাটা সরকারি স্কুলের সহকারী শিক্ষিকা।

শিক্ষাজীবনের শুরু থেকেই নাবিহা নওরিন অত্যন্ত মেধাবী ও কৃতিত্বপূর্ণ ফলাফল করে আসছে। কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফার্স্ট গার্ল হিসেবেও তার সুনাম রয়েছে। এবারের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে নানা প্রতিকূলতার মধ্যেও অসাধারণ কৃতিত্বের সঙ্গে ১২৫১ নম্বর পেয়ে কক্সবাজার জেলায় প্রথম স্থান অর্জন করেছে সে।
নাবিহার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আগামী দিনের পথচলার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার মামা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম।
নাবিহা নওরিনের এই অসাধারণ সাফল্যে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা।
শাহজাহান চৌধুরী শাহীন/এএস



