নেত্রকোনা : রাজধানীর উত্তরা থেকে গত মাসে কোকেনসহ গ্রেপ্তার হওয়া নেত্রকোনার বিএনপি নেতা সাইফুজ্জামান কাজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল শনিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গ, সংগঠনবিরোধী কার্যক্রম এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় দলের গঠনতন্ত্র ও সিদ্ধান্ত অনুযায়ী সাইফুজ্জামান কাজলকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। দলের শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ রক্ষার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বৈঠাখালি গ্রামের বাসিন্দা সাইফুজ্জামান কাজল জেলা বিএনপির সদস্য ছিলেন। তিনি ঢাকায় বসবাস করেন।
গত ১৪ এপ্রিল রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ সাইফুজ্জামান কাজলকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী বলেন, মাদকসহ যে কোনো অপকর্মে জড়ালে যত প্রভাবশালীই হোক না কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রাজন আহমেদ/এনডি/এএস



