মেহেরপুরের গাংনীতে সড়ক ব্যারিকেড দিয়ে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধলা মাঠে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের পর একই সড়ক থেকে ২টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, সাহারবাটি গ্রামের আরিফুল ইসলাম নিজের টিভিএস মোটরসাইকেলযোগে তেঁতুলবাড়ীয়া যাচ্ছিলেন। ফাঁকা মাঠের মধ্যে গেলে সড়কের উপরে আড়াআড়ি রসি টাঙ্গিয়ে তাকে গতিরোধ করে ছিনতাইকারীরা। দেশী অস্ত্রশস্ত্র দেখিয়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরে একই সড়কে দুটি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোসা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে পুলিশ। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় বোমা সাদৃশ্য বস্তু দুটি ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ জানান, বোমা সাদৃশ্য বস্তু দুটি নিরাপদে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।
এমপিজি



